ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে সাবেক সেনাসদস্যসহ গ্রেপ্তার ৫
ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে সাবেক দুই সেনাসদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল আবদুল গফুর, সাবেক সার্জেন্ট গোলাম মোহাম্মদ চৌধুরী, তাঁদের সহযোগী সোহানুর আলম, আজাদ হোসেন ও মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল সোমবার পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আদাবরের প্রবাল হাউজিংয়ের বাসিন্দা অপহৃত মোখলেসুর রহমান তৈরি পোশাকের ব্যবসা করেন। কয়েক বছর আগে মোখলেসুরের কাছ থেকে ব্যবসার কথা বলে দুই লাখ টাকা ধার নেন গফুর। কিছুদিন ধরে টাকা ফেরত চাইছিলেন মোখলেসুর। সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আদাবরে মোখলেসুরকে আসতে বলেন গফুর। সেখানে যাওয়া মাত্র একটি মাইক্রোবাসে থাকা গফুর ও তাঁর সহযোগীরা মোখলেসুরকে তুলে নেন। গাড়িতেই তাঁকে হাত-পা বেঁধে মারধর করে সঙ্গে থাকা ১ লাখ ৫৬ হাজার টাকাও কেড়ে নেওয়া হয়। পরদিন মোখলেসুরের পরিবারকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন গফুর। গত শনিবার এ বিষয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে মোখলেসুরের পরিবার।
উপকমিশনার বলেন, তদন্ত করে রোববার রাতে তুরাগের ফুলবাড়িয়া এলাকার ১ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে মোখলেসুরকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ওই পাঁচ অপহরণকারীকে। উদ্ধার হওয়া ব্যবসায়ীর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ঘটনায় রোববার রাতে আদাবর থানায় মামলা হয়েছে।