ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান-১ নম্বরে গতকাল বুধবার রাতে মুঠোফোন ব্যবসায়ী ও তাঁর বন্ধুকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় মুঠোফোন ব্যবসায়ী আবু সাঈদ (৩০) ও তাঁর বন্ধু কামাল হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিত্সাধীন ব্যবসায়ী সাঈদ জানান, গুলশান-১ নম্বর ডিসিসি মার্কেটে তানিশা এন্টারপ্রাইজ নামে তার একটি মুঠোফোনের দোকান রয়েছে। রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বন্ধু কামালকে নিয়ে বাসার উদ্দেশ্যে বের হন। এ সময় স্থানীয় সন্ত্রাসী মাসুদ, সিরাজ ও আরিফ তাকে এবং তার বন্ধুকে কুপিয়ে পাঁচলাখ টাকা ও ২০টি মুঠোফোন নিয়ে যায়।

রাত সোয়া ১২টায় যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।