ব্যবসায়ীকে খুঁটির সঙ্গে বেঁধে চুল কেটে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার জনতা বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে জোরপূর্বক তুলে নিয়ে ফারুক আহমেদ (৪৮) নামের এক বেকারি ব্যবসায়ীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে আড়াই ঘণ্টা ধরে পিটিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। এ সময় তাঁর মাথার চুলও কেটে দেয়।
খবর পেয়ে রায়পুর থানার পুলিশ গুরুতর অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর এলাকার হাছান ভূঁইয়া একই এলাকার ফারুকের কাছে ১৪ লাখ পান। ইট দেওয়ার কথা বলে ফারুক এ টাকা নেন। এ নিয়ে কয়েক দফায় সালিস বৈঠক শেষে আদালতে মামলাও হয়। গতকাল বিকেল পাঁচটার দিকে আসরের নামাজ আদায় করে ফারুক জনতা বাজারে রতনের ফার্মেসিতে বসেন। এ সময় হাছানের নেতৃত্বে শতাধিক লোক ফারুককে মারতে মারতে তাঁর (হাছানের) বাড়ির সামনে তুলে নিয়ে আসে। পরে হাছানের অনুসারীরা তাঁকে রশি দিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে দুই হাত পেছন দিক থেকে বেঁধে লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে থেমে থেমে মারধর করে। এতে তাঁর হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। কয়েকবার তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁর মাথায় পানি ঢেলে সাময়িক সুস্থ করে আবারও পেটানো হয়।
ফারুকের ছেলে আবদুল্লাহ আল ইউসুফ বলেন, ‘মানুষের সামনে চুল কেটে আমার বাবাকে পেটানো হয়। আমি ও আমার বোনেরা ওদের হাত-পা ধরে অনুরোধ করেও পেটানো বন্ধ করা হয়নি। বাবার চিৎকারে শত শত মানুষ জড়ো হলেও কেউ প্রতিবাদ করেনি।’
এ ব্যাপারে হাছান ভূঁইয়া বলেন, ‘ফারুক প্রতারক। অনেককে মামলা দিয়ে তিনি হয়রানি করেছেন। পাঁচ বছর আগে ইট দেওয়ার কথা বলে তিনি আমার কাছ থেকে সাড়ে ১৪ লাখ টাকা নেন। টাকা না দিয়ে টালবাহানা করেন। এ জন্য আমার লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেছে।’
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নিলাক্ষী পাল জানান, ফারুকের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন খান বলেন, ফারুককে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, ঘটনাটি অমানবিক হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।