ব্যবসায়ীকে গুলি করে উল্টো মামলা করল পুলিশ
পুলিশের গুলিতে আহত ব্যবসায়ী হাজি ফায়েজ আলী (৫২) পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আর পুলিশের করা মামলাতেই তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন।
গত সোমবার সকালে আজমপুরের মুন্সী মার্কেটের সামনে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন হাজি ফায়েজকে ধরে প্রকাশ্যে তাঁর কোমরে গুলি করেন। পরিবারের সদস্যদের দাবি, হাজি ফায়েজ রাজনীতির সঙ্গে জড়িত নন। উত্তরার আজমপুরের আইয়ুব মার্কেটে এমএস নিপু এন্টারপ্রাইজ নামে তাঁদের একটি রড-সিমেন্টের দোকান রয়েছে। তাঁর দুই ছেলে পড়াশোনা করছে। কোনো কারণ ছাড়াই হাজি ফায়েজকে গুলি করেছে পুলিশ।
মামলা হওয়ার কারণে ভয়ে ফায়েজ আলীর স্বজনেরা হাসপাতালে তাঁকে দেখতেও যেতে পারছেন না। নাম প্রকাশ না করার শর্তে এক স্বজন বলেন, পুলিশ এখন নানাভাবে তাঁদের চাপ দিচ্ছে। পুরো বিষয়টিকে রাজনৈতিক নাশকতার মামলা বানানোর চেষ্টা চলছে। কিন্তু বিষয়টি আদৌ তা নয়। পুলিশ ভুল করে গুলি করতে পারে। তাঁরা পুলিশের বিরুদ্ধে মামলা করতে চাওয়ায় এখন পুরো পরিবারের পেছনে লেগেছে পুলিশ।
ফায়েজকে গুলি করে তিনিসহ সাতজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলার অভিযোগে একটি ও বিস্ফোরক আইনে অপর একটি মামলা করেছেন অভিযুক্ত এসআই জয়নাল আবেদীন।
মামলায় এসআই জয়নাল উল্লেখ করেন, আজমপুরের আইয়ুব মার্কেটের সামনে রেললাইনে নাশকতার খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পিকেটাররা পুলিশের ওপর হামলা চালায়। তখন পুলিশ দৌড়ে গিয়ে ফায়েজ আলীকে ধরে ফেলে। এ সময় কিছু লোক (যাদের আসামি করা হয়েছে) ফায়েজ আলীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। আসামিরা এসআই জয়নালকে মারধর করে পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করলে একটি গুলি বের হয়ে ফায়েজের কোমরে লাগে।
গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার প্রথম আলোকে বলেন, ওই দুই মামলায় শুধু ফায়েজ আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের খোঁজা হচ্ছে।