ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২৪ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে ফতুল্লার তুষার ধারা এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার শিকার ব্যবসায়ীর পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকার বাড়ি থেকে হেলাল উদ্দিন জমি বিক্রির সাড়ে ২৪ লাখ টাকা নিয়ে যাত্রাবাড়ী ইসলামী ব্যাংকে যাওয়ার উদ্দেশে বের হন। এ সময় তুষার ধারা জিরো পয়েন্ট এলাকায় এলে মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত তাঁকে গুলি করে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। গুলি তাঁর ঊরুতে লাগে। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুলিবিদ্ধ হেলাল উদ্দিন ওই এলাকার মুজিবুর রহমানের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হেলাল উদ্দিনের চাচাতো ভাই মো. জালাল জানান, তাঁর ভাই হেলাল উদ্দিনের ঊরুতে গুলি লেগেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অপারেশন চলছে। হেলাল উদ্দিন পেশায় ইলেকট্রিক ব্যবসায়ী। তাঁর অবস্থা আশঙ্কাজনক।