ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজারের এক ফার্নিচার ব্যবসায়ীকে গত সোমবার গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য রক্ষা পান ওই ব্যবসায়ী।
সোমবার রাত নয়টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে জয়নাল আবেদীন (৪০) নামের ওই ব্যবসায়ীকে গুলি করে। পরে ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা রায়পুর-হায়দরগঞ্জ সড়ক ও মিতালী বাজারে বিক্ষোভ করেন। হায়দরগঞ্জ ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, তিনি ওই দিন দোকানে বসে কাজ করছিলেন। এ সময় অজ্ঞাত তিন যুবক মোটরসাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। এর আগেও দুর্বৃত্তরা তাঁর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছিল। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিন উদ্দিন বলেন, ‘কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা আমরা খতিয়ে দেখছি।’