ব্যবসায়ীকে জখম, বিএনপি নেতার গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে গত মঙ্গলবার সন্ধ্যায় পরিবহন ব্যবসায়ী সুভাষ সাহাকে (৬০) কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর রাতে বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সুভাষ সাহা আগমনী ট্রান্সপোর্ট লিমিটেডের মালিক। তিনি বোয়ালমারী পূজা উদ্যাপন কমিটির সভাপতি। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতৈর বাজারে আগমনী ট্রান্সপোর্টের কার্যালয়ে চার-পাঁচজন সমর্থক নিয়ে বসে ছিলেন সুভাষ সাহা। এ সময় ২০-২৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে সুভাষ সাহাকে কুপিয়ে জখম করে। সুভাষের মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগে এবং তাঁর বাঁ হাত ভেঙে যায়। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। ওই রাতেই তাঁকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এলাকার অনেকে জানান, সুভাষ সাহা ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের কোনো দলীয় পদে না থাকলেও দলের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুভাষ সাহার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ সাহিদুর রহমানের কিছুদিন ধরে বিরোধ চলছিল বলেও তাঁরা জানান।
সুভাষ সাহার ভাই শ্রীবাস সাহা বলেন, ‘হামলাকারীরা সুভাষ সাহার ওপর আক্রমণ চালালে আমি বাধা দেওয়ার চেষ্টা করি। তখন হামলাকারীরা রড দিয়ে আমাকে পেটায়।’ তিনি আরও বলেন, হামলাকারীরা আগমনী ট্রান্সপোর্টের কার্যালয়ের চেয়ার-টেবিল এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।
এদিকে রাত সোয়া নয়টার দিকে ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের পাজেরো জিপ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। গাড়িটি সাতৈর বাজার এলাকায় নাসিরুলের বাড়ির সামনে রাখা ছিল। রাতে পুলিশ সাবেক সাংসদের বাড়িতে তল্লাশিও চালায়।
খন্দকার নাসিরুল ইসলাম অভিযোগ করেন, ‘স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের রেষারেষির ঘটনাকে কেন্দ্র করে সুভাষ সাহার ওপর হামলা হয়। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ বিএনপিকে জড়ানোর অপচেষ্টা চালিয়ে আমার বাড়িঘর তল্লাশির নামে তছনছ করেছে। এ সময় একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি পুলিশের সামনেই আমার গাড়িতে আগুন ধরিয়ে দেয়।’
সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের ভাই। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশ মঙ্গলবার রাতে আমার চাচাতো ভাই ফয়সাল খন্দকার (২৮), বড় ভাইয়ের গাড়ির চালক মো. হাফিজসহ চারজনকে গ্রেপ্তার করেছে।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাস গতকাল বুধবার বিকেলে বলেন, শ্রীবাস সাহা মঙ্গলবার রাতেই নাসিরুল ইসলাম, সৈয়দ সাহিদুর রহমানসহ ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। এ পর্যন্ত এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।