ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়
ঢাকার সাভারে তরুণীর সঙ্গে অশ্লীল ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন কয়েকজন তরুণ। এর আগে কৌশলে ওই ব্যবসায়ীকে অপহরণ করেন তাঁরা। সাভারের বাজার রোড এলাকায় গতকাল শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ীর নাম দুলাল মিয়া (৫০)। তিনি সাভার পৌরসভার ইমান্দিপুর এলাকার বাসিন্দা। তিনি থান কাপড়ের ব্যবসা করেন।
দুলাল মিয়া বলেন, সাভার নামাবাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছে পাওনা এক লাখ টাকা আদায় করে গতকাল বেলা তিনটার দিকে হেঁটে বাসায় ফিরছিলেন। বাজার রোডের প্রাইম ব্যাংকের কাছে তিন তরুণের একজন তাঁর পা মাড়িয়ে যান। এর পর ওই তরুণেরা উল্টো তাঁকে গালাগাল করে জোর করে একটি গলির ভেতর নিয়ে যান। সেখানে আরও কয়েকজন তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের একটি ভবনের এক তলার একটি কক্ষে নিয়ে আটকে রাখেন। সেখানে তাঁরা দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি ভয়ে তাঁর কাছে থাকা এক লাখ টাকা দেন। তাঁরা আরও ৫০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মুঠোফোনে এক তরণীর সঙ্গে তাঁর অশ্লীল ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় তাঁকে হত্যা করারও হুমকি দেন তাঁরা। এর পর মুঠোফোনে তাঁর স্ত্রী ফাতেমা বেগমের কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়। একপর্যায়ে ফাতেমা বেগম ১০ হাজার টাকা দিতে রাজি হলে দুই তরুণ তাঁর বাসায় গিয়ে ১০ হাজার টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেন।
খবর পেয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সামসুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ওই ফ্ল্যাট থেকে একটি গাঁজা ও হেরোইন সেবনের সরঞ্জামসহ একটি মোটরসাইকেলের কাগজপত্র উদ্ধার করেন।
বাসার ভাড়াটিয়ারা নাম প্রকাশ না করে বলেন, বাসার মালিক আবদুল আলীম মাস পাঁচেক আগে ওই তরুণদের কাছে চারটি ফ্ল্যাটের একটি ভাড়া দেন।
এসআই সামসুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।