ব্যবসায়ীকে পেটালেন তাহেরপুরের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আবুল কালাম আজাদ এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় তাঁকে উদ্ধার করতে এসে ব্যবসায়ীর দুই ছেলে আবদুল কুদ্দুস (২৫) ও মেহেদি হাসান (২২) হামলার শিকার হয়েছেন। তাঁদের আহত অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন।
প্রত্যক্ষদর্শী আট-দশজন জানান, গতকাল শনিবার সন্ধ্যার আগে তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের নেতৃত্বে ১০-১২ জন বাজারের ব্যবসায়ী দুলাল হোসেনের জুতার দোকানে আসেন। এ সময় মেয়র ওই ব্যবসায়ীর কাছে তাঁর ছোট ভাই আবদুস সালাম কেন খাসজমি ইজারা নেওয়ার বিষয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন, এ বিষয়ে কৈফিয়ত চান। সন্তোষজনক জবাব না পেয়ে একপর্যায়ে মেয়র ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তিনি ও তাঁর লোকজন দুলাল হোসেনকে মারধর শুরু করেন। এ সময় ওই ব্যবসায়ীর দুই ছেলে তাঁদের বাবাকে উদ্ধার করতে এলে তাঁরাও হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এ সময় আশপাশের ব্যবসায়ীরা দুলাল ও তাঁর ছেলেদের উদ্ধারের জন্য এগিয়ে এলে তাঁদেরও হুমকি দেওয়া হয়। পরে মেয়র ব্যবসায়ীকে তুলে নিয়ে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে যান। সেখানেও তাঁকে আটকে রেখে দ্বিতীয় দফা নির্যাতন করা হয়।
পরে ব্যবসায়ীরা দুলাল হোসেনের আহত দুই ছেলেকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করে দেন।
তাহেরপুর জুতা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের অভিযোগ করেন, মেয়র দুলাল হোসেনকে পেটাতে পেটাতে দোকান থেকে তুলে নিয়ে গেছে। এ নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হবে।
আবদুস সালাম মুঠোফোনে জানান, তাঁর ভাইকে দলীয় কার্যালয়ে আটকে রেখে নির্যাতনের পর ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়া হয়েছে।
এ বিষয়ে গতকাল মেয়র আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।
তাহেরপুর বাজারে আবদুস সালামের একখণ্ড জমি রয়েছে। মেয়র আবুল কালাম আজাদ ওই জমি দখল করার চেষ্টা করেন। এ নিয়ে আবদুস সালাম আদালতে মামলা করেন।