ব্যবসায়ীদের কাছ থেকে গম সংগ্রহের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা সরকারি খাদ্যগুদামে কৃষকের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে গম সংগ্রহের অভিযোগ পাওয়া গেছে। চাষিদের অভিযোগ, তাঁদের না জানিয়ে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবসায়ীদের কাছ থেকে গম সংগ্রহ শুরু করেছেন।
গত রোববার দুপুর ১২টার দিকে আমনূরা খাদ্যগুদামে গিয়ে দেখা যায়, গুদামের প্রধান দরজায় তালা লাগানো। পকেট দরজা দিয়ে ঢুকে দেখা যায়, একটি গমবোঝাই ট্রাক দাঁড়িয়ে। অপর একটি ট্রাক থেকে গমের বস্তা নামিয়ে ওজন করে গুদামের ভেতরে রাখা হচ্ছে। এখানে দুজন ব্যবসায়ীকে দেখা গেলেও কোনো কৃষককে দেখা যায়নি। জিজ্ঞাসাবাদে আবদুস সালাম পরিচয় দিয়ে এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘১০ টন গম নিয়ে এসেছি। বুলি ভাই (সদর আসনের সাংসদ আবদুল ওদুদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত) পাঠিয়েছেন। তিনি (বুলি) আপনার সঙ্গে কথা বলবেন। এই বলে তিনি (সালাম) তাঁর মুঠোফোন এই প্রতিবেদককে ধরিয়ে দেন। তবে ওই প্রান্ত থেকে বলা হয়, গাড়ির উপড়ে আছি পরে কথা বলব।’ তবে এ বিষয়ে কথা বলার জন্য পরে এজাবুল হক ওরফে বুলির সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। রাজিব পরিচয় দিয়ে আর এক ব্যবসায়ী জানান, তিনি তিন টন গম নিয়ে এসেছেন।
গুদামের ভেতরে বসে ছিলেন আমনূরা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। তাঁর পাশেই কথা হচ্ছিল ব্যবসায়ী আবদুস সালামের সঙ্গে। আবদুস সালামের বক্তব্যের বিষয়ে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটা ঠিক নয়, এখানকার সব গমই কৃষকের। ওজনের কাজে এবং ট্রাক থেকে গম নামানোর কাজে ব্যস্ত শ্রমিকদের দেখিয়ে তিনি বলেন, এগুলো সব কৃষক। কোন কৃষকের কতটুকু গম নেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়ার কথা বলা হলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি এড়িয়ে যান। পরে তিনি বলেন, কৃষকেরা বাইরে খেতে গেছেন। তবে কৃষকের কার্ড দেখাতে ব্যর্থ হন তিনি। তিনি জানান, ঝিলিম ইউনিয়নে ৫৬ মেট্রিকটন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
খাদ্যগুদামের বাইরে এসে কথা হয় আমনূরা এলাকার গম চাষি নজরুল ইসলাম, মো. বকুল, মো. বাবু ও আবদুল কদ্দুসের সঙ্গে। তাঁরা অভিযোগ করেন, কৃষকদের না জানিয়ে, কোনো প্রচার না করেই গোপনে ব্যবসায়ীদের কাছ থেকে গম সংগ্রহ করা হচ্ছে।
সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এ কে এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘আমনূরায় গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে কার্ড দেখে সংগ্রহের নিয়ম রয়েছে। তবে আমনূরা খাদ্যগুদামে কীভাবে গম সংগ্রহ করা হচ্ছে জানি না। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখব।’