চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় গণপিটুনিতে এক অপহরণকারী নিহত হওয়ার ঘটনায় সীতাকুণ্ড থানায় দুটি মামলা হয়েছে। অপহরণের ঘটনায় ব্যবসায়ী জহির উদ্দীন বাদী হয়ে সুনির্দিষ্ট পাঁচ অপহরণকারীকে এবং গণপিটুনির ঘটনায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মাকছুদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫০ ব্যক্তিকে আসামি করে একটি করে মামলা করেন।
এদিকে অপহরণের ঘটনায় ব্যবসায়ীর এক লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন জহিরের খালাতো ভাই জহিরুল আলম। তিনি গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আহত জহির এখনো পুরোপুরি সুস্থ হননি। তাঁর দেড় লাখ টাকার মধ্যে দুই অপহরণকারী পালিয়ে যাওয়ার সময় ৫০ হাজার টাকা নিয়ে যায়।
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের একটি ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে সীতাকুণ্ডের ভাটিয়ারী আসার সময় ফৌজদারহাট এলাকায় অপহরণের শিকার হন ব্যবসায়ী জহির উদ্দীন। এ সময় অপহরণকারীরা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেয়। গাড়িতে তুলে তাঁকে বেদম প্রহার করেন। পরে সাড়ে ১১টার দিকে মাদামবিবিরহাট এলাকায় গণপিটুনির শিকার হয় চার অপহরণকারী।
মামলার বাদী এসআই মাকছুদুর রহমান বলেন, বেঁচে যাওয়া তিন অপহরণকারীর মধ্যে দুজনের অবস্থার উন্নতি হলেও এখনো একজন আশঙ্কামুক্ত নয়। অপহরণকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় এ কাজ করে আসছিল।