ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক ড্রেজার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত শুক্রবার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ব্যবসায়ী তমিজ উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে ১০-১৫ জনের একটি ডাকাত দল দেয়াল টপকে বাড়ির সীমানার ভেতর ঢোকে। এরপর সেহ্রি খাওয়ার সময় হয়েছে জানিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে সাত-আটজন মুখোশধারী ডাকাত ঘরে ঢোকে। এ সময় বাড়ির সবাইকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে ফেলে রাখে। পরে ঘরের আলমারিতে থাকা ২২ ভরি স্বর্ণ, আট হাজার টাকা, দুটি ল্যাপটপ, দুটি মুঠোফোনসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ব্যবসায়ী তমিজ উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।