ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, জখম তিনজন
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার নলধা মৌভোগ ইউনিয়নের নলধা গ্রামে ওই ঘটনা ঘটে।
ডাকাত দল ওই বাড়ির আলমারি ভেঙে ২১ ভরি সোনার গয়না, দুই লাখ টাকা এবং চারটি মুঠোফোন লুট করে নিয়ে গেছে।
ডাকাতদের হামলায় ওই বাড়ির এক নারীসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাগেরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা শাহাদাত আলী সরদার (৮০), তাঁর ছোট ছেলে আতিকুর রহমান (৩৮) ও তাঁর স্ত্রী হাবিবা রহমান (২৫)।
বাড়ির বড় ছেলে এস এম আরিফুজ্জামান জানান, রোববার রাত আড়াইটার দিকে ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল দরজার তালা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এ সময় তাঁর বাবা ও ছোট ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায়। তখন তাঁরা চিৎকার শুরু করলে বাসার সবাই উঠে পড়েন। এর পর তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁর বাবা, ছোট ভাই আতিক ও আতিকের স্ত্রী হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ডাকাতেরা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ১৩ ভরি সোনার গয়না ও ৪০ হাজার টাকা এবং আতিকের ঘর থেকে প্রায় নয় ভরি সোনার গয়না ও ১ লাখ ৬৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বাগেরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।