ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
বগুড়ার শেরপুরে মুদি দোকানি পরিমল চন্দ্র সরকারের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তবে এক নারী দাবি করেছেন, পরিমল চন্দ্র সরকার তাঁর স্বামী। স্বামীর ভাইয়েরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা বলে অপপ্রচার চালাচ্ছেন।
পরিমল চন্দ্র সরকার উপজেলার বিশালপুর ইউনিয়নের নাগরপাড়া গ্রামের মৃত ভাদু চন্দ্র সরকারের ছেলে।
এ ঘটনায় রোববার দুপুরে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন পরিমলের বড় ভাই বিমল চন্দ্র সরকার।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, মরদেহের গলায় ফাঁসির চিহ্ন রয়েছে। পরিমল বাড়ির দোতলার একটি ঘরে ফাঁস দিলেও তিনি তাঁর লাশটি বাড়ির নিচতলার বারান্দা থেকে উদ্ধার করেন। পরিমল স্থানীয় বিশালপুর বাজারে একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
বিমল চন্দ্র সরকার বলেন, পরিমল ছয়-সাত মাস আগে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বিশালপুর গ্রামের শহীদুল্লাহর মেয়ে শারমিন খাতুনকে (২১) বিয়ে করেন। বিয়ের এক মাস পর শারমিনকে তালাক দিয়ে পরিমল আবার এফিডেভিট করে হিন্দু ধর্ম গ্রহণ করে বাড়ি ফিরে আসেন। কিন্তু শারমিন পরে আদালতে মামলা করেন। এ কারণে পরিমল সব সময় চিন্তাভাবনা করতেন। মাঝেমধ্যে আত্মহত্যা করার কথা বলতেন। এরই মধ্যে রোববার বেলা ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে পরিমল শোবার ঘরে ফ্যানের হুকের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি দাবি করেন।
শারমিন খাতুন অভিযোগ করেন, পরিমল ইসলাম ধর্ম গ্রহণ করে আবু তাহের সরকার নাম গ্রহণ করেন। এরপর আবু তাহেরের সঙ্গে ২০১৪ সালে ১৯ অক্টোবর ধর্মীয় বিধান অনুযায়ী তাঁর বিয়ে হয়। তিনি দাবি করেন, বিয়ের তিন-চার মাস পর কৌশলে পরিমলকে বাড়ি ডেকে নিয়ে তাঁর ভাইয়েরা আটকে রাখেন। পরে তাঁর স্বামীর নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করার লোভেই পরিকল্পিতভাবে তাঁরা তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছেন। তিনি আরও বলেন, তাঁর স্বামীর ইচ্ছার বিরুদ্ধে স্বামীর ভাই নির্মল চন্দ্র সরকার ও বিমল চন্দ্র সরকার জোরপূর্বক তালাকের কাগজ তৈরি করেছেন। এ কথা তাঁর স্বামী তাঁকে জানিয়েছিলেন। এর পরও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ওই নারীর মৌখিক অভিযোগ তিনিও শুনেছেন। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।