ব্যবসার কথা বলে এনে মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ব্যবসা করার কথা বলে ডেকে এনে এক ব্যবসায়ীকে আটকে মুক্তিপণ দাবি করেছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একটি প্রতারক চক্র। পরে ওই ব্যবসায়ী কৌশলে পালিয়ে দুপচাঁচিয়া থানায় আসেন। পুলিশ তিন প্রতারককে গতকাল সোমবার গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন উপজেলার ঝাঝিড়া ফকিরপাড়ার আবদুল হাকিম (৪২), আজিজার রহমান (৫৬) ও এক নারী।
দুপচাঁচিয়া থানা সূত্র জানায়, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরখাগকাটা গ্রামের সুপারি ব্যবসায়ী আবদুল মতিন দেওয়ানের সঙ্গে দুই মাস আগে মুঠোফোনে পরিচয় হয় আবদুল হাকিমের। ব্যবসার কথা বলে মতিনকে দুপচাঁচিয়ায় ডেকে আনেন হাকিম। গত রোববার বিকেলে মতিন এসে হাকিমের বাড়িতে ওঠেন। রাতে হাকিম ও তাঁর সঙ্গী নারী নকল সোনার পুতুল মতিনকে গছিয়ে টাকা দাবি করেন। মতিন পুতুল নিতে অস্বীকার করলে ভুয়া র্যাবের পরিচয় দিয়ে আজিজার তাঁকে হুমকি দেন। প্রতারকেরা রাতে মতিনকে আটকে রেখে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এরইমধ্যে সুযোগ পেয়ে মতিন পালিয়ে পুলিশের কাছে এসে আশ্রয় নেন। পরে তিনি মামলা করেন।