পরিচয় গোপন করে রাজধানীর উত্তরার একটি কবরস্থানে দাফন করা জাপানি নারী হিরোয়ি মিয়াতাকে (৬১) শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে পুলিশ। অভিযোগপত্রে তাঁর এক বাংলাদেশি ব্যবসায়িক অংশীদারসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ব্যবসায়ী হিরোয়ি মিয়াতা হত্যা মামলার এই অভিযোগপত্র সম্প্রতি আদালতে জমা দিয়েছে। মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, অভিযোগপত্রভুক্ত ছয়জন হলেন মিয়াতার ব্যবসায়িক অংশীদার মো. জাকির পাটোয়ারি ওরফে রতন, মো. মারুফুল ইসলাম, রাশেদুল হক ওরফে বাপ্পী, ফখরুল ইসলাম, বিমল চন্দ্র শীল ও মো. জাহাঙ্গীর। তাঁরা বর্তমানে কারাগারে আছেন। এজাহারেও তাঁদের নাম ছিল।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, গত বছরের ২৬ অক্টোবর উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেল থেকে মিয়াতাকে সুকৌশলে অপহরণ করে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তিন দিন আটকে রাখা হয়। ২৯ অক্টোবর সেখানে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই দিন বিকেলে লাশ গুম করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে মিয়াতাকে হালিমা খাতুন পরিচয়ে দাফন করা হয়। মিয়াতার নিখোঁজের বিষয়ে উত্তরা পূর্ব থানায় জাপান দূতাবাসের একজন কর্মকর্তার করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত করতে গিয়ে পুলিশ তাঁকে হত্যার খবর জানতে পারে। এ ঘটনায় পুলিশের করা হত্যা মামলা তদন্ত করেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া।
তদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র বলেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করেছিলেন, গত বছরের ২৯ অক্টোবর মিয়াতা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ২০০৬ সালে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়। অবৈধভাবে বাংলাদেশে থাকছেন বলে তাঁকে হাসপাতালে নিতে সাহস করেননি তাঁরা। পরে তাঁর মরদেহ মারুফুল ইসলামের খালা হালিমা খাতুনের বলে পরিচয় দিয়ে তাঁরা দাফন করেছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি মো. আবু বকর মিয়া গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, হিরোয়ি মিয়াতার ময়নাতদন্তের প্রতিবেদনে ময়নাতদন্তকারী উল্লেখ করেছেন ‘মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো মতামত করা গেল না।’ তবে আট মাস মামলার বিভিন্ন দিক এবং খুঁটিনাটি বিশ্লেষণ ও তদন্তে প্রাপ্ত তথ্যে বেরিয়ে এসেছে, ব্যবসা-সংক্রান্ত বিষয়ে বিরোধ বা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য জাকির পাটোয়ারি ও তাঁর পাঁচ ঘনিষ্ঠজন পরস্পর যোগসাজশে মিয়াতাকে সুকৌশলে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেছেন। তাঁরা মিয়াতার ল্যাপটপ, মুঠোফোন ও অন্য জিনিসপত্র চুরি করেন। লাশ গুমের জন্য পরিচয় গোপন করে দাফন করেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, ২০০৫ সালে মিয়াতা বাংলাদেশে ব্যবসা করতে আসেন। জাকির উত্তরার একটি আবাসিক হোটেলে মিয়াতাকে রেখে বায়িং হাউসের ব্যবসা বা বিভিন্ন পোশাক কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগের জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করতেন।
গত বছরের ৪ নভেম্বর জাপান থেকে মিয়াতার মা ঢাকায় জাপান দূতাবাসে ফোন করে জানান, ঢাকায় তাঁর মেয়ে নিখোঁজ রয়েছেন। ১৯ নভেম্বর জাপান দূতাবাসের ডেপুটি কনসাল কছুকি মাতসুনাগার এ বিষয়ে উত্তরা পূর্ব থানায় জিডি করেন। জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ মিয়াতাকে হালিমা খাতুন পরিচয়ে দাফনের বিষয়টি জানতে পারে। দাফনের ২৮ দিন পর উত্তরার ওই কবরস্থান থেকে মিয়াতার পচন ধরা লাশ তুলে ময়নাতদন্ত করা হয়।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা প্রথম আলোকে বলেন, মিয়াতার ডিএনএ প্রতিবেদন হাতে পেয়ে তাঁরা নিশ্চিত হন, তিনি জাপানের নাগরিক। পরে হিমঘরে থাকা মরদেহ দাহ করার সিদ্ধান্ত নেয় জাপান দূতাবাস। গত ৮ এপ্রিল মরদেহ জাপান দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। দূতাবাস মিয়াতার মরদেহ ঢাকার অদূরে আশুলিয়ায় দাহ করেছে।