ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকের প্রায় ৭২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন নগরের খাতুনগঞ্জের মেসার্স ছিদ্দিক ট্রেডার্সের মালিক আবু সাঈদ চৌধুরী এবং যমুনা ব্যাংকের সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার প্রধান মনজুরুল আহসান চৌধুরী। গতকাল রোববার নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

মামলার এজাহারে বলা হয়, ‘সাঈদ ফুড লিমিটেড’ কোম্পানির পরিচালক হিসেবে অভিযুক্ত সাঈদ চৌধুরী ২০১১ সালের ১০ অক্টোবর থেকে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মঞ্জুরিপত্রের শর্ত ভেঙে যমুনা ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে সুদসহ ৭১ কোটি ৯২ লাখ ৩ হাজার ১১৬ টাকা আত্মসাৎ করেন। আর এ কাজে তাঁকে সহায়তা করেন তৎকালীন যমুনা ব্যাংক খাতুনগঞ্জ শাখার প্রধান মনজুরুল আহসান। অস্ট্রেলিয়া থেকে গম আমদানির জন্য এই ঋণপত্র খোলা হয়েছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ঋণপত্রের বিপরীতে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের পক্ষ থেকে মামলাটি হয়েছে।

মামলার বাদী মোহাম্মদ সিরাজুল হক বলেন, মামলাটির তদন্তে দুদক একজন কর্মকর্তাকে দায়িত্ব িদয়েছেন।