ব্যবসায়ী ও মাদ্রাসা শিক্ষককে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা আদায়ের জন্য ঢাকার সাভারের আব্বাস শেখ (৪৬) নামের এক ব্যবসায়ীকে এবং মুক্তিপণের জন্য রাজবাড়ীর কালুখালীর রফিকুল ইসলাম (৩৫) নামের এক মাদ্রাসাশিক্ষককে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত শনিবার রাতে সাভার পৌর এলাকার বক্তারপুরের একটি বাড়ির নিচতলা থেকে শেকলে বাঁধা অবস্থায় আব্বাসকে এবং গতকাল রোববার রাতে বিনোদবাইদ এলাকার ছয়তলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে রফিকুল ইসলামকে উদ্ধার করে পুলিশ।
আব্বাস শেখ বক্তারপুর মহল্লার মাতবর শেখের ছেলে। তিনি সবজি ব্যবসায়ী। রফিকুল ইসলাম কালুখালীর কালীনগর গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে এবং স্থানীয় বাংলাদেশহাট নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।
আব্বাস শেখ বলেন, তাঁর প্রতিবেশী জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে চড়া সুদে টাকা ধারের ব্যবসা করে আসছেন। বছর তিনেক আগে তিনি জয়নালের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। এ জন্য প্রতিদিন তাঁকে ৪০০ টাকা হারে সুদ দিতে হতো। আসল টাকা পরিশোধের পর সুদের দায় থেকে তাঁকে মুক্ত করার কথা ছিল। শর্ত অনুযায়ী, বছর খানেক সুদ পরিশোধ করলেও ব্যবসায় মন্দার কারণে এরপর তিনি নিয়মিত সুদ পরিশোধ করতে পারছিলেন না। এ কারণে মাঝেমধ্যে জয়নাল তাঁকে বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখতেন। গত বৃহস্পতিবার সকালে জয়নাল লোকজন নিয়ে গিয়ে আশুলিয়ার বাইপাইল কাঁচাবাজার থেকে তাঁকে অপহরণ করে নিয়ে আসেন। এরপর জয়নালের বাড়ির নিচতলার একটি ছোট কক্ষে পায়ে শেকল দিয়ে তাঁকে আটকে রাখা হয়। সকালে একটি কলা এবং রাতে একমুঠো ভাত ছাড়া আর কোনো খাবারও দেওয়া হতো না তাঁকে। আটক অবস্থায় তাঁকে শারীরিক নির্যাতনও করা হয়েছে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, আব্বাসকে উদ্ধারের সময় পুলিশ জয়নালের স্ত্রী নাছরিন বেগম ও তাঁর ছেলে সাদ্দাম হোসেনকে (২৬) আটক করে থানায় নিয়ে যায়। পরে আব্বাসের দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে রফিকুল ইসলাম বলেন, বছর দুয়েক আগে জমি কেনার জন্য তিনি ও তাঁর স্ত্রী শামীমা ইয়াসমিন এলাকার গোলাম সারোয়ার জিহাদ ও শহীদুল ইসলাম নামে দুজনকে ১৫ লাখ টাকা বায়না দেন। টাকা নেওয়ার পরও জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় গ্রাম্য সালিসে সিদ্ধান্তের পর জিহাদ তাঁকে ১০ লাখ ও শহীদ ৫ লাখ টাকার চেক দেন। কিন্তু ব্যাংকে টাকা না থাকায় তাঁদের বিরুদ্ধে তিনি আদালতে চেক জালিয়াতির মামলা করেন। ওই মামলায় শহীদুলের সাজা হলেও জিহাদের মামলা চলমান রয়েছে।
রফিকুল বলেন, পারিবারিক ও মাদ্রাসার কাজে তিনি গত বৃহস্পতিবার ঢাকায় আসেন। ঢাকা থেকে বাড়িতে ফেরার পথে শুক্রবার সকালে তিনি গাবতলী পৌঁছালে জিহাদ ও শহীদুলের সঙ্গে তাঁর দেখা হয়। তাঁরা বিষয়টি মিটিয়ে ফেলার কথা বলে তাঁকে সাভারে নিয়ে আসেন। এরপর অন্যদের সহায়তায় তাঁকে অচেতন করে বিনোদবাইদ এলাকার ছয়তলা ভবনের ষষ্ঠ তলার একটি অন্ধকার ফ্ল্যাটে আটকে রেখে নির্যাতন করা হয়।
বিনোদবাইদ এলাকার কামরুজ্জামান বলেন, শৌচাগারের জানালা দিয়ে রফিকুল হাতে ইশারা করলে পাশের ফ্ল্যাটের এক নারী তা দেখে সন্দেহের বশে বিষয়টি তাঁকে জানান। পরে তিনি সাভার মডেল থানাকে জানালে পুলিশ ওই বাসা থেকে তাঁকে উদ্ধার করে।
বাসার মালিক মো. শাখাওয়াত হোসেন বলেন, গত বৃহস্পতিবার জিহাদ ও শহীদুল তাঁর বাসা ভাড়া নেন। তাঁকে আট হাজার টাকা অগ্রিম দিয়ে তাঁরা ফ্ল্যাটের চাবিও নিয়ে নেন। এরপর তাঁরা রফিকুলকে ওই বাসায় কখন নিয়ে এসে আটকে রেখেছেন তা তিনি জানেন না।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ আল মামুন বলেন, রফিকুলকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে।