ব্যবসায়ী নিখোঁজ, রক্তমাখা লুঙ্গি ও সাইকেল উদ্ধার
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম বাজারের মুদি ব্যবসায়ী আবদুর রাজ্জাক (২৮) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর পরনের রক্তমাখা লুঙ্গির অংশ ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বড়াইগ্রাম থানা ও নিখোঁজ ব্যবসায়ীর পরিবার সূত্র জানায়, উপজেলার গোপালপুর গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে ও রাজাপুর বাজারের মেসার্স রাজ্জাক স্টোর নামে কাপড়ের দোকানের মালিক আবদুর রাজ্জাক। তিনি গত শুক্রবার সন্ধ্যায় রাজাপুর বাজারে মহাজনের দোকানের বাকি টাকা পরিশোধের জন্য এক লাখ টাকাসহ বাড়ি থেকে বের হন। কিন্তু মহাজনের দোকান বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে বাজারের পাশের অর্জুনপুর গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। রাত ১০টার দিকে আবদুর রাজ্জাকের মুঠোফোন (০১৭৩৪১০৬০৪৭) থেকে তাঁর ছোট ভাই আসাদুলের মুঠোফোনে ফোন করে অপরিচিত এক ব্যক্তি আবদুর রাজ্জাক দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান। এর পর থেকে ওই মুঠোফোনটি বন্ধ রয়েছে। পরে তাঁর স্বজনেরা খোঁজাখুঁজি করে গোপালপুর এলাকার সরকারের ঢালান মোড়ে রাজ্জাকের ব্যবহৃত বাইসাইকেলটি অক্ষত অবস্থায় এবং তাঁর রক্তমাখা লুঙ্গির ছেঁড়া অংশ পান। পরে কোনো হাসপাতালে তাঁর খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে নিখোঁজ ব্যবসায়ীর আরেক ছোট ভাই আবুল কাশেম জানান, নিখোঁজ হওয়ার আগের দিন ভাইয়ের দোকানে হালখাতা হয়। পরদিন সব টাকা নিয়ে মহাজনের দেনা পরিশোধ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তাঁর কাছে থাকা টাকা ছিনতাই করার জন্যই দুর্বৃত্তরা রাজ্জাককে অপহরণ করেছে বলে তিনি আশঙ্কা করছেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেন, বিষয়টি দেশের সব থানায় জানানো হয়েছে। রাজ্জাককে উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা চলছে।