ব্যবসায়ী নিখোঁজ ১১ দিন ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুমন বিশ্বাস ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভেদরগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলার আটেরপাড়া গ্রামের সত্যরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (৩০) স্থানীয় সাজনপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী। ১৫ মার্চ বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে নিখোঁজ হন। ১১ দিনেও তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে ওই দিন ভেদরগঞ্জ থানায় জিডি করা হয়।
নিখোঁজ ব্যবসায়ী সুমন বিশ্বাসের ভাই প্রকাশ বিশ্বাস বলেন, ‘দোকানে যাওয়ার কথা বলে সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হন সুমন। তিনি দোকানে না যাওয়ায় আমরা তাঁর ফোনে যোগাযোগের চেষ্টা করি। ফোন বন্ধ পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করি। কোথাও তাঁর সন্ধান না পেয়ে থানায় ছুটে যাই। ১১ দিনেও পুলিশ তাঁর সন্ধান করতে পারেনি। তাঁর ফোনের সর্বশেষ লোকেশনও বের করতে পারেনি পুলিশ।’
সাজনপুর বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি নিখিল দাস বলেন, ‘সুমন বাজারের শান্ত স্বভাবের ব্যবসায়ী ছিলেন। কারও সঙ্গে কখনো কোনো ঝামেলায় জড়াতেন না। কেন তিনি নিখোঁজ হলেন আমরা বুঝে উঠতে পারছি না। তাঁর নিখোঁজের ঘটনায় আমরা উদ্বিগ্ন।’