ব্যবসায়ী নুরুল হত্যা রহস্য উদ্ঘাটন শিগগিরই : পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় ব্যবসায়ী নুরুল ইসলাম যেদিন মারা যান, সেদিনও ওই বাসায় গিয়েছিলেন কবি ও সাবেক কাস্টমস কর্মকর্তা শাহাবুদ্দীন নাগরী। সিসিটিভির ফুটেজ থেকে এ বিষয়টি জানা গেছে। পুলিশ বলছে, এখন পর্যন্ত নুরুল ইসলাম খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন তাঁর স্ত্রী নুরানী আক্তার ও শাহাবুদ্দিন নাগরী। দিন দু-একের মধ্যে হত্যা রহস্যের কূলকিনারা হবে বলে আশা করছে নিউমার্কেট থানার পুলিশ।

১৩ এপ্রিল রাতে নুরুল ইসলামের মৃতদেহ তাঁর শোয়ার ঘর থেকে উদ্ধার হয়। তাঁর মুখে রক্ত জমাট বাঁধা ছিল। মৃতদেহের কিছুটা দূরেও রক্ত দেখা গেছে।

যে অ্যাপার্টমেন্ট ভবনে নুরুল ইসলাম থাকতেন, সেই ভবনের ব্যবস্থাপক বাবু কুমার স্বর্ণকার। তিনি আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বছর খানেক আগে ব্যবসায়ী পরিচয়ে নুরুল ইসলাম চারতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। ওই ফ্ল্যাটে ওঠার পরদিনই শাহাবুদ্দিন নাগরী এসেছিলেন। ভবনের নিয়ম অনুযায়ী তাঁকেও সেদিন খাতায় নাম লিখে উঠতে হয়। পরে নুরুল ইসলাম তাঁকে বলেন, তিনি অসুস্থ। শাহাবুদ্দিন নাগরী তাঁর অভিভাবক। আর কখনো যেন তাঁর নাম নথিভুক্ত করা না হয়। ফ্ল্যাটে ওঠার পর থেকে প্রায় প্রতিদিনই শাহাবুদ্দিন নাগরী তাঁদের ওই অ্যাপার্টমেন্ট ভবনে আসতেন। যেদিন নুরুল ইসলাম মারা যান, সেদিনও বিকেল ৩টা ১৩ মিনিটে শাহাবুদ্দিন নাগরী আসেন এবং সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে বেরিয়ে যান। ভিডিও ফুটেজে তা-ই দেখা গেছে। ওই ফুটেজ এখন পুলিশের কাছে।

এদিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ওই বাসায় পৌঁছাই ১৩ এপ্রিল দিবাগত রাত একটার দিকে। তবে মৃতদেহ দেখে মনে হয়েছে নুরুল ইসলাম আগেই মারা গেছেন। গরমের দিন। লাশটা কিছুটা বিকৃত হয়ে যাচ্ছিল।’ কখন নুরুল ইসলাম মারা গেছেন বলে ধারণা করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে পরিষ্কারভাবে বলা যাবে।

তবে নুরুল ইসলামের বোন শাহানা রহমান মামলার এজাহারে উল্লেখ করেছেন, তাঁর ভাই ১২ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময় খুন হয়েছেন।
খুনের কারণ কী সে সম্পর্কে পুলিশ, নুরুল ইসলামের স্বজন বা ওই অ্যাপার্টমেন্টের লোকজন পরিষ্কারভাবে কিছু বলতে পারেনি। নুরুল ইসলামের বোন হাসনা আক্তার কুমকুম প্রথম আলোকে বলেন, বছর পাঁচেক আগে তাঁর ভাই নিজের পছন্দে নুরানী আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর বাড়ির সঙ্গে তাঁর যোগাযোগ একরকম ছিল না। তিনি কিসের ব্যবসা করতেন, সে সম্পর্কেও হাসনা কিছু বলতে পারেননি। তিনি শুনেছিলেন, তাঁর ভাই খাবারের ব্যবসা করেন। বাসা ভাড়া নেওয়ার সময় নুরুল ইসলাম বলেছিলেন, বাগেরহাটে তাঁর কেব্‌ল টিভির ব্যবসা ও চিংড়িঘের আছে, ঢাকার গাউছিয়ায় বন্ধুর সঙ্গে অংশীদারে কাপড়ের ব্যবসাও আছে। পুলিশের কাছে নুরুল ইসলামের স্ত্রী নুরানী জানিয়েছেন, তাঁর স্বামী গার্মেন্টস সামগ্রী সরবরাহের ব্যবসা করতেন।

তদন্তে যুক্ত কর্মকর্তারা বলছেন, নুরানী বেগমের কাছ থেকে তথ্য আদায় করা বেশ কঠিন হচ্ছে। শাহাবুদ্দিন নাগরী কবি ও সাবেক কাস্টমস কর্মকর্তা হওয়ায় নিউমার্কেট থানায় গতকাল সকাল থেকেই দফায় দফায় লোকজন এসেছেন। বিকেলের দিকে থানায় গিয়ে শাহাবুদ্দিন নাগরীর সঙ্গে দেখা করেছেন তাঁর স্ত্রী।