ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পাট ব্যবসায়ী গিয়াসউদ্দিন খান হত্যা মামলায় তিন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ (প্রথম আদালত) মুসরাত জেরিন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন আসামি হলেন: ফরিদপুর সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের জমির আলী ওরফে জাবের (২৫), বিশ্বাসপাড়া গ্রামের মো. এনামুল কবির ওরফে মো. এনামুল কাজী (২৭) ও সাহাপাড়া গ্রামের মিন্টু শেখ (২৭)। এর মধ্যে মিন্টু শেখ পলাতক।

আদালতের নথি সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর গ্রামের গিয়াসউদ্দিন খান ২০১০ সালের ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের খলিলপুর বাজারে পাট বিক্রি করে রিকশাভ্যানে করে ফিরছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কে বারখাদা সেতু ও আজিজ পাইপের মাঝামাঝি জায়গায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে গিয়াসউদ্দিনকে (৪০) কুপিয়ে হত্যা করে।
ওই আদালতের বেঞ্চ সহকারী মো. আওলাদ হোসেন জানান, দণ্ডিত আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। তবে আসামিরা আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন।