ব্যবসায়ী হত্যা : শাহাবুদ্দিন নাগরীর সম্পৃক্ততা পায়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকাণ্ডে কবি ও সাবেক শুল্ক কর্মকর্তা শাহাবুদ্দিন নাগরীর সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নুরানী আক্তার সুমি হত্যার দায় স্বীকার করেছেন।

ডিবির একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানায়, নুরানী আক্তার জবানবন্দিতে বলেন, তাঁর সঙ্গে নুরুল ইসলামের ঝগড়াঝাঁটি লেগেই থাকত। নুরুল ইসলামের কোনো আয়রোজগার ছিল না। তিনি নুরানীর আয়ের ওপর নির্ভরশীল ছিলেন। আর নুরানীর ফ্ল্যাট ভাড়া থেকে শুরু করে সব খরচ দিতেন শাহাবুদ্দিন নাগরী। সব শেষ পাসপোর্ট করা নিয়ে নুরানীর সঙ্গে নুরুল ইসলামের ঝগড়া হয়। নুরানী বিদেশে বেড়াতে যাওয়ার জন্য পাসপোর্ট করতে চেয়েছিলেন। নুরুল ইসলাম সে কাজে সহযোগিতা করছিলেন না। ১৩ এপ্রিল ভোরবেলায় এ নিয়ে দুজনের তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়াঝাঁটির একপর্যায়ে তিনি নুরুল ইসলামকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ড্রেসিং টেবিলের কোনায় মাথা লেগে নুরুল ইসলাম পড়ে যান। তখনই তাঁর মৃত্যু হয়। এরপর নুরানী আক্তার মৃতদেহটি খাটের তলায় ঢোকানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। বেলা তিনটার দিকে শাহাবুদ্দিন নাগরী ওই বাড়িতে আসেন। তিনি সোয়া সাতটার দিকে বেরিয়ে যান। নুরানী আক্তার তাঁকে নুরুল ইসলামের মৃত্যুর খবর দেননি। রাত একটার দিকে শাহাবুদ্দিন নাগরী খবর জানতে পারেন।

এক বাড়িতে থেকেও কেন শাহাবুদ্দিন নাগরী জানতে পারেননি—এমন প্রশ্নের জবাবে ডিবি সূত্র জানায়, নুরানী আক্তার সুমি ও নুরুল ইসলাম নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিলেও জিজ্ঞাসাবাদে নুরানী জানিয়েছেন, তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন না। তবে দম্পতি পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলেন। শাহাবুদ্দিন নাগরী এলিফ্যান্ট রোডের ওই ফ্ল্যাটে এসে নুরানীর ঘরে বসতেন।

ডিবির অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ প্রথম আলোকে বলেন, নুরুল ইসলাম হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে শাহাবুদ্দিন নাগরীর জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

নুরানী আক্তার ও নুরুল ইসলাম গত বছর এলিফ্যান্ট রোডের একটি অ্যাপার্টমেন্ট ভবনের চারতলার ফ্ল্যাটে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। সে সময় নুরুল ইসলাম নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছিলেন। ফ্ল্যাটে ওঠার পরই নুরুল ইসলাম অ্যাপার্টমেন্টের ব্যবস্থাপক বাবু কুমার স্বর্ণকারকে বলে দেন, শাহাবুদ্দিন নাগরী তাঁর আপন বড় বোনের স্বামী। তিনি ফ্ল্যাটে ঢোকার সময় যেন খাতায় নাম লেখা না হয়।
১৩ এপ্রিল ওই ফ্ল্যাট থেকেই নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এক দিন পর নুরুল ইসলামের বোন শাহানা রহমান নিউমার্কেট থানায় নুরানী আক্তার ও তাঁর বন্ধু শাহাবুদ্দিন নাগরীকে আসামি করে হত্যা মামলা করেন। গত শুক্রবার মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়।