ব্যবসায়ী হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাড্ডায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড্ডার নতুনবাজার এলাকায় ব্যবসায়ী মো. শামিমকে (৩৫) মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শামিমের ভাগনি কাকলির অভিযোগ, গতকাল সন্ধ্যায় মিজানসহ কয়েকজন নতুনবাজার এলাকায় শামিমকে মারধর করেন। এতে গুরুতর আহত হন শামিম। তাঁর মামাকে প্রথমে বাড্ডার সাতারকুলের বাসায় নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাতে মিজানকে গ্রেপ্তার করে পুলিশ।

শামিমের পারিবারিক সূত্রে জানা গেছে, শামিম ও মিজান পরস্পরের দীর্ঘদিনের পরিচিত। আরও কয়েকজনের সঙ্গে তাঁরা বাড্ডায় পোশাকের ব্যবসা শুরু করেন। কিন্তু লোকসান হলে ব্যবসা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মিজান ​ও শামিমের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ দেখা দেয়।

পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। শামিমের পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় একটি মামলা হয়েছে।

এদিকে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ছেলে শিশু (১২) মারা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের প্লাটফরমের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।