ব্যবসায়ী হত্যার ঘটনায় নয়জন আটক
নারায়ণগঞ্জের ফতুল্লা ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে চলন্ত বাসের সামনে বোমা ফাটিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১০ রাউন্ড গুলিসহ চারটি বিদেশি অস্ত্র। গতকাল শুক্রবার ও আজ শনিবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন মো. লিটন (২৮), আনোয়ার হোসেন (৪৬), মো. মিজান (৪০), আনোয়ার ইসলাম (২০), মো. শামীম হোসেন (১৮), শাকিল আহম্মেদ (১৮), ফারুক (২২), বাবু (২৭) ও হাবিবুর রহমান (৩২)।
পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, সোমবার রাতে পৌনে ১০টার দিকে ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা থেকে আসা উৎসব পরিবহনের বাসের সামনে বোমা ফাটিয়ে বাসে উঠে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এতে নুরুল ইসলাম নিহত হন। এই ঘটনায় নিহত নুরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে ৪৩ ঘণ্টা পর অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমানের নেতৃত্বে ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল শুক্র ও শনিবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়জনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা পেশাদার অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন সরাসরি ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্যাগে মূল্যবান মালামাল ছিল। এই কারণেই নুরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে অভিযান অব্যাহত আছে।