ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে ঢাকার আশুলিয়ায় আবদুর রহিম নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রহিমের ভাই সুমন আহম্মেদ গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানায় এ মামলা করেন।
মামলায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারভেজ দেওয়ানসহ অন্তত ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাথালিয়া ইউপির সদস্য শফিউল আলম ওরফে সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বিবরণে বলা হয়, বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে পারভেজ দেওয়ানের সমর্থকেরা আবদুর রহিমকে হত্যা করেন। রহিম পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের খালাতো ভাই।
তবে আশুলিয়া থানার একাধিক কর্মকর্তাসহ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত ইউপি নির্বাচনে পারভেজ দেওয়ানের একসময়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোয়াজ্জেম হোসেন পাথালিয়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী ছিলেন। এ নিয়ে পারভেজ দেওয়ানের সঙ্গে মোয়াজ্জেমের সম্পর্কের অবনতি হয়। এরপর ঝুট ও বালুর ব্যবসার দখল এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাঁরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। গত বুধবার তা প্রকাশ্য রূপ নেয়।
সাংসদ এনামুর রহমান বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে পারভেজ দেওয়ান ও মোয়াজ্জেমের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের জেরেই বুধবার হত্যাকাণ্ড ঘটে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) বলেন, মামলায় পারভেজ দেওয়ান, শফিউল আলম পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হালিমসহ ১৫ জনের নাম উল্লেখ করে অন্তত ২৫ জনকে আসামি করা হয়েছে।