ব্যবসায়ী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন
ময়মনসিংহের ব্যবসায়ী উজ্জল মিয়া হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৯ বছর আগের এই হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মনির কামাল আজ মঙ্গলবার এই রায় দেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহবুবর রহমান। মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেন নওশাদ আলী, শাহাব উদ্দিন ও সবুজ আলী। আর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ছয় আসামি হলেন জসিম উদ্দিন, জালাল উদ্দিন, মরম আলী, মহিম, মিয়া হোসেন ও কারিম।
মামলার সূত্রে জানা গেছে, নিহত উজ্জল পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। তাঁর সঙ্গে জমি নিয়ে আসামিদের সঙ্গে বিরোধ ছিল। মামলা–মোকদ্দমাও ছিল। আগের বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৭ মার্চ ধারালো অস্ত্র দিয়ে উজ্জলকে কুপিয়ে জখম করেন আসামিরা। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় উজ্জলের বড় ভাই কুদরত আলী বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর আসামিদের বিরুদ্ধে ২০১৯ সালের ২০ জুন অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ১৫ জন সাক্ষী আদালতে হাজির করা হয়।