ব্যবসায়ী হাসান খালেদের লাশ মিলল বুড়িগঙ্গায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. হাসান খালেদ
মো. হাসান খালেদ

নিখোঁজ হওয়ার তিন দিন পর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসান খালেদের (৫৪) লাশ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলেছে, হাসান খালেদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ব্যবসায়ী হাসান খালেদ গত শনিবার সকালে ওষুধ কেনার জন্য ধানমন্ডির ৪/এ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। ওই দিন রাতে এ ব্যাপারে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর শ্যালক শরিফুল আলম। সোমবার পুলিশ বলে, হাসান খালেদের মুঠোফোন ট্র্যাক করে দেখা গেছে, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর সকাল ৮টা ৩৩ মিনিটে তাঁর দুটি মুঠোফোন বন্ধ হয়ে যায়। তাঁর নিখোঁজ হওয়ার পেছনে পারিবারিক বা ব্যবসায়িক কোনো কারণ আছে কি না, এ প্রশ্নে স্বজনেরা এমন কোনো কারণ জানেন না বলে জানিয়েছিলেন।
গতকাল পারিবারিক একটি সূত্র বলেছে, ব্যবসায় হাসান খালেদের অংশীদার রয়েছেন। কিছুদিন ধরে ব্যবসাও ভালো যাচ্ছিল না।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানার মাঝামাঝি খোলামোড়া ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে দুপুর ১২টার দিকে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে ফোন নম্বর নিয়ে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হাসান খালেদের ছোট ভাই মুরাদ হাসানও লাশ শনাক্ত করেছেন।
ইলিয়াছ মিয়া বলেন, লাশের শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে।

ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিখোঁজ হওয়া সভাপতি মো. হাসান খালেদের লাশ দেখার পর কান্নায় ভেঙে পড়েন তাঁর ছোট ভাই রাশেদুল হাসান (বাঁয়ে)। ছবিটি গতকাল মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে তোলা l প্রথম আলো
ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিখোঁজ হওয়া সভাপতি মো. হাসান খালেদের লাশ দেখার পর কান্নায় ভেঙে পড়েন তাঁর ছোট ভাই রাশেদুল হাসান (বাঁয়ে)। ছবিটি গতকাল মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে তোলা l প্রথম আলো

নদী থেকে লাশটি উদ্ধারে পুলিশকে সহায়তা করেন নজরুল ইসলাম (৪৮)। লাশ উদ্ধারের পর বিকেল চারটার দিকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশের শরীরে কোথাও তিনি আঘাতের চিহ্ন দেখেননি। তবে জিহ্বায় কামড় দেওয়া ছিল। তাঁর হাতে ঘড়ি ছিল। পকেটে থাকা কার্ড দেখে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন সাংবাদিকদের বলেন, নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
বিকেল সাড়ে চারটার দিকে ভাইয়ের লাশ দেখতে এসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েন রাশেদুল হাসান। আহাজারি করতে করতে তিনি বলেন, ‘আমার ভাইয়ের তো কোনো শত্রু ছিল না। কেন ভাই এভাবে মারা গেল?’ হাসান খালেদের মামা হুমায়ুন শোয়েবও একই কথা বলেন। তিনি বলেন, ‘এমন কোনো শত্রু ছিল না যারা ওকে মারতে পারে।’
হাসান খালেদের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। তিন ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার বড়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে তিনি ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন ধরে তিনি তৈরি পোশাক আমদানি-রপ্তানির ব্যবসা করেছেন। নিউ ইস্কাটনে তাঁর দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এর একটি ‘নিউ এরা ট্রেডিং’ ও অন্যটি ‘কেমিকো বাংলাদেশ লিমিটেড’। তাঁর প্রতিষ্ঠান হংকংভিত্তিক ‘ক্রকোডাইল গার্মেন্টস’-এর বাংলাদেশি পরিবেশক। বসুন্ধরা সিটিতে তাঁর একটি দোকানও আছে। তিনি ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ নম্বর বাড়ির তৃতীয় তলায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন।
দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এফবিসিসিআইয়ের: ব্যবসায়ী হাসান খালেদ নিখোঁজ ও তাঁর লাশ উদ্ধারের ঘটনায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নিন্দা জানিয়েছে। গতকাল এফবিসিসিআই এক বিজ্ঞপ্তিতে বলেছে, হাসান খালেদের মৃত্যুতে এফবিসিসিআইয়ের নেতারা আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।