ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ব্যবসায়ী গ্রেপ্তার
ফরিদপুরের মধুখালীতে নাজমুল মোল্লা (৩২) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে শিমুল শেখ (২৭) নামের আরেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার মেঘচামি ইউনিয়নের বিল আলারিয়া বাজারের মেসার্স শেখ ট্রেডার্স নামের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে একই বাজারের ব্যবসায়ী মেসার্স নাজমুল ট্রেডার্সের স্বত্বাধিকারী নাজমুল মোল্লা গত মঙ্গলবার শিমুলসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ ব্যক্তিকে আসামি করে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি মামলা করেন।
নাজমুল মোল্লা বলেন, গত ১৪ জুন বিকেল পাঁচটার দিকে তিনি ২ লাখ ৫ হাজার টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে করে ফরিদপুরে মালামাল কিনতে আসেন। একদল অপহরণকারী ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে অপহরণ করে ২ নম্বর গোয়ালচামট এলাকার একটি বাড়িতে আটকে রাখে। অপহরণকারীরা তাঁর কাছে থাকা ২ লাখ ৫ হাজার টাকা, মুঠোফোন ও মোটরসাইকেল রেখে দেয়। পরে আরও দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে এক দিন পরে তিনি মুক্তি পান।
নাজমুল মোল্লা আরও বলেন, এ ঘটনার ১১ দিন পর এলাকায় জানাজানি হয়ে যায় এ অপহরণ ও মুক্তিপণের নেপথ্যে বিল আলারিয়া বাজারের মেসার্স শেখ ট্রেডার্সের মালিক শিমুল শেখ জড়িত। পরে শিমুল শেখকে এলাকাবাসী চাপ দিলে শিমুল তাঁর (নাজমুল) কাছ থেকে নেওয়া মোটরসাইকেল ও মুঠোফোন ফেরত দেন। নাজমুলের কাছে থাকা ২ লাখ ৫ হাজার ও মুক্তিপণ হিসেবে নেওয়া দেড় লাখসহ মোট ৩ লাখ ৫৫ হাজার টাকা পরে ফেরত দেওয়ার আশ্বাস দেন। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও টাকা না দেওয়ায় তিনি গত মঙ্গলবার থানায় এ মামলা করেন।