ব্যবসায়ীকে অপহরণ করে শিকলে বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বাড়ি থেকে হাত-পা শিকলে বাঁধা এক ব্যবসায়ীকে গতকাল মঙ্গলবার পুলিশ উদ্ধার করেছে। ওই ব্যবসায়ীকে অপহরণ করে এনে বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার ফুলদী গ্রামের জমি ব্যবসায়ী বিল্লাল হোসেনকে (৩৭) ফুলদী এলাকার একটি সড়ক থেকে অপহরণ করা হয়। সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁকে পিরোজপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেনের বাড়িতে নেওয়া হয়। বিল্লালের হাত-পা শিকলে বেঁধে রাতভর নির্যাতন করা হয়। সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় কয়েকজন ফেসবুকে স্ট্যাটাস দেয়। ব্যবসায়ীকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ইউপি সদস্য মোশারফ হোসেনের বাড়ি ঘেরাও করে এবং ব্যবসায়ী বিল্লালকে উদ্ধার করে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে ইউপি সদস্য মোশারফকে গ্রেপ্তার করে।
এদিকে পুলিশে খবর দেওয়ার অভিযোগ এনে মোশারফের সমর্থকেরা ভবনাথপুর গ্রামের বকুল আহমেদ নামের এক তরুণকে পিটিয়ে গুরুতর আহত করেছে। বকুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, ‘জমিসংক্রান্ত ব্যবসাকে কেন্দ্র করে ইউপি সদস্য মোশারফ হোসেন তাঁর সহযোগীদের নিয়ে আমাকে অপহরণ করেন। পরে তিনি তাঁর ঘরে এনে হাত-পায়ে শিকল বেঁধে আমাকে রাতভর লাঠিপেটা করেন।’
সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা বিল্লালকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করি। নির্যাতনের কারণে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। মোশারফ পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। অপহরণ ও নির্যাতনের এ ঘটনায় বিল্লাল বাদী হয়ে থানায় মামলা করেছেন। ইউপি সদস্য মোশারফের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’