ব্যবসায়ীকে অপহরণ, চার যুবক গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে গত মঙ্গলবার রাতে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকা থেকে হাকিমপুর থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় অপহৃত ব্যবসায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের গোলাম মোস্তফাকেও (৩২) উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর থানার ওসি আবদুস সবুর বলেন, গত মঙ্গলবার দুপুরে তিন বন্ধুসহ মাইক্রোবাসে করে গোলাম মোস্তফা হাকিমপুরে ব্যবসায়িক কাজে আসছিলেন। অপহরণকারীরা হাকিমপুর পৌরসভার আনসার-ভিডিপি ক্যাম্প এলাকায় তাঁদের গাড়ি অবরোধ করে শুধু মোস্তফাকে টেনেহিঁচড়ে নামিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। ওসি বলেন, গত ৩০ এপ্রিল ওই চার যুবক গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭০ বোতল ফেনসিডিলসহ ধরা পড়েন। অভিযুক্ত ব্যক্তিদের ধারণা, পূর্বপরিচিত মোস্তফা তাঁদের ধরিয়ে দিয়েছিলেন। সেই ক্ষোভ থেকে ক্ষতিপূরণ আদায়ে মোস্তফাকে তাঁরা অপহরণ করেন। গ্রেপ্তার চার যুবক হলেন উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মেরিল (২৬), একই গ্রামের সাগর (৩০) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের সুজন (৩২), পলাশ (৩০)। সাগরের বাড়িতে আটকে রেখে অপহরণকারীরা মোস্তফার চাচাতো ভাই নজরুল ইসলামের কাছে মুঠোফোনে ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় মোস্তফার চাচাতো ভাই নজরুল চারজনকে আসামি করে থানায় মামলা করেন। গতকাল বুধবার দিনাজপুর আদালতের মাধ্যমে গ্রেপ্তার চার যুবককে কারাগারে পাঠানো হয় বলে ওসি জানান।