ব্যবসায়ীকে অপহরণকালে গ্রেপ্তার ৭, মাইক্রোবাস জব্দ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ছমিরহাট বাজারের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছেন সাত তরুণ। তাঁরা গণপিটুনির শিকার হয়েছেন। পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া তরুণেরা হলেন আবদুল মান্নান (২০), রাসেল মাহমুদ (২৫), জাহিদুল ইসলাম ওরফে রবিন (১৯), নিজাম উদ্দিন ওরফে আরজু (২১), মোশারফ হোসেন ওরফে জাকের (২০), মো. মাসুদ (১৯) ও ইমাম হোসেন ওরফে রুবেল (২৬)। তাঁদের গ্রামের বাড়ি পাশের কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। তাঁদের মধ্যে রাসেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কবিরহাট থানায় হত্যা, অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, ছমিরহাট বাজারের মুঠোফোন ব্যবসায়ী কুতুব উদ্দিন ওরফে টুটুলের সঙ্গে প্রায় আড়াই মাস আগে একই বাজারের জুয়েলারি ব্যবসায়ী মহিউদ্দিনের একটি মুঠোফোন নিয়ে তর্ক হয়। এর জেরে শনিবার রাত সাড়ে সাতটার দিকে মহিউদ্দিনের ভাড়া করা সন্ত্রাসী আবদুল মান্নান ও রাসেল মাহমুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই বাজারে হানা দেয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সন্ত্রাসীরা বাজারে ঢুকেই মুঠোফোন ব্যবসায়ী কুতুব উদ্দিনকে দোকান থেকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাজারের অন্য ব্যবসায়ীদের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে মাইক্রোবাসসহ সাত সন্ত্রাসীকে ধরে ফেলেন ও পিটুনি দেন। আটক তরুণেরা জুয়েলারি ব্যবসায়ী মহিউদ্দিনের হয়ে এসেছেন বলে স্বীকার করেন। রাত নয়টার দিকে চর জব্বর থানা থেকে পুলিশ গিয়ে আটক তরুণদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুবর্ণচরের চর জব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় ব্যবসায়ী কুতুব উদ্দিন অপহরণ মামলা করেছেন। আটক তরুণেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুঠোফোন নিয়ে বিরোধের জের ধরে একই বাজারের ব্যবসায়ী মহিউদ্দিনের হয়ে কুতুব উদ্দিনকে অপহরণ করতে এসেছিলেন বলে স্বীকার করেছেন। তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে ব্যবসায়ী মহিউদ্দিন গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।