ব্যবসায়ীকে অপহরণের পর ড্রিল মেশিন দিয়ে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কাঁচামাল ব্যবসায়ীকে অপহরণের পর ড্রিল মেশিন দিয়ে নির্যাতনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছেন র্যা ব-১ এর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয়টি তাজা গুলিসহ দুটি ম্যাগাজিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছেন র্যাবের সদস্যরা।
র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আবদুর রহমান মাসুম, মো. সেলিম মোল্লা, মো. ইউসুফ শরীফ হোসেন, মো. রেজাউল করিম¦শাহীন ও মো. আকাশ। এর মধ্যে মোল্লা মাসুম নিজেকে অপরাধ বিচিত্রা নামক একটি পত্রিকার সাংবাদিক হিসেবে দাবি করেন। র্যা ব জানায়, গত রোববার বিকেলে আলমগীর নামের এক কাঁচামাল ব্যবসায়ী মহাখালীর মিম কার সেন্টারে মোটরসাইকেল সার্ভিসিং করাতে গেলে শরীফ, পনির ও মোল্লা মাসুম তাঁকে অপহরণ করে মহাখালীর একটি নির্মাণাধীন ভবনে আটকে রাখেন। এরপর তাঁরা আলমগীরের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। রাতে তাঁর পরিবার ৭০ হাজার টাকা দেওয়ার পর বাকি টাকা আদায়ের জন্য অপহরণকারীরা তাঁর (আলমগীর) জমির দলিল দাবি করেন এবং দুই কাঠা জমি লিখে দিতে বলেন। নিরুপায় পরিবার রাত ১২টার দিকে দলিল হস্তান্তর করে।
পরদিন আলমগীরের স্ত্রী র্যাব কার্যালয়ে গিয়ে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র্যাব নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে অপহৃত আলমগীরকে উদ্ধার করে এবং পাঁচ অপহরণকারীকে আটক করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা টাকার জন্য ড্রিল মেশিন দিয়ে আলমগীরের পায়ের বিভিন্ন জায়গায় ছিদ্র করার কথা স্বীকার করেন। তাঁরা আলমগীরের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখান এবং একপর্যায়ে একটি ফাঁকা গুলিও করেন।