ব্যবসায়ীকে অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে কবিরহাট বাজারের এক ব্যবসায়ীকে অস্ত্র ও ইয়াবার মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। তাঁর নাম শাহীনুর আবেদিন (৪০)। তিনি বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহীনুরের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেপ্তার হওয়া শাহীনুরের স্ত্রী তাজনুর সুলতানা। এ সময় অন্যদের মধ্যে শাহীনুরের দুই শিশু সন্তান, মা বেহেস্তের নেছা, শ্বশুর সাহাব উদ্দিন, শ্যালক এম আলী খান ছাড়াও আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শ্যালক এম আলী খান।

লিখিত বক্তব্যে তাজনুর সুলতানা অভিযোগ করেন, ১০ জুন দুপুরে সাদাপোশাকধারী ডিবি পুলিশ তাঁর স্বামীর কবিরহাট বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান আবেদিন ট্রেডার্সে গিয়ে তাঁকে খোঁজ করে না পেয়ে দোকানে বসে থাকেন। পরে রডের ক্রেতা সেজে শাহীনুরকে বাড়ি থেকে আসার জন্য খবর দেয়। তাঁর স্বামী বাড়ি থেকে দোকানে আসার পর ডিবির সদস্যরা ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশির নামে ১৯০টি ইয়াবা এবং একটি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার দেখায়। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে তাঁর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।

তাজনুর সুলতানা আরও বলেন, ‘তাঁর স্বামীকে মামলা থেকে রেহাই দেওয়ার কথা বলে সেদিন মোটা অঙ্কের টাকা দাবি করেন ডিবির উপপরিদর্শক মো. মামুনুর রশিদ সরকার। নিরুপায় হয়ে টাকা দেন তাঁরা। কিন্তু টাকা নিয়েও মামলা দায়েরের পর দেখি সেই মামুনুরই মামলার তদন্ত কর্মকর্তা। মামুনুর এখন আরও টাকা দাবি করছেন।’ 

এ ব্যাপারে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি তো মামলার বাদী না, তদন্তকারী কর্মকর্তা। যিনি বাদী তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত উল্লেখ করে মামলা দিয়েছেন। আসামির পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও ভিত্তিহীন।

পরে একই বিষয়ে ওসি-ডিবি আতাউর রহমান ভূঁইয়া মুঠোফোনে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইয়াবা ও অস্ত্রসহ ব্যবসায়ী শাহীনুরকে তাঁর প্রতিষ্ঠানে বসা অবস্থা থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ১০ জুন দুপুর সাড়ে ১২টায় কবিরহাট উপজেলার কবিরহাট দক্ষিণ বাজারের আবেদিন ট্রেডার্স নামের একটি রড-সিমেন্টের দোকানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ওই দোকান থেকে ১৯০টি ইয়াবা বড়ি, একটি এলজি ও চারটি গুলি উদ্ধার এবং শাহীনুর আবেদিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এরপর ডিবির উপপরিদর্শক নুরুল আলম বাদী হয়ে দুটি মামলা করেন।