ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। ব্যবসায়ীর অভিযোগ, চাঁদা না পেয়ে মিথ্যা অপবাদ দিয়ে যুবদলের এক নেতা তাঁর ওপর এ নির্যাতন করেছেন।

নির্যাতিত ব্যবসায়ীর নাম মতিন দেওয়ান (৩০)। তিনি বাগধা ইউনিয়নের পয়সারহাট গ্রামের বাসিন্দা। বাগধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ তালুকদারের ছেলে নিপু তালুকদারের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন। নিপু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় গত সোমবার আগৈলঝাড়া থানায় পাঁচজনকে আসামি করে মতিন দেওয়ান একটি মামলা করেছেন।

ওই ব্যবসায়ী, এলাকাবাসী ও পুলিশ জানায়, পয়সারহাট বাজারে মতিনের ‘মেসার্স মাহি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি প্রতিষ্ঠান আছে। গত দুই মাস থেকে তাঁর কাছে স্থানীয় কয়েকজন যুবক চাঁদা দাবি করছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় যুবকেরা তাঁকে বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছিলেন।

মতিন দেওয়ান জানান, তিনি ২১ এপ্রিল উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে নিকটাত্মীয় এক প্রবাসীর বাড়িতে বেড়াতে যান। তিনজন প্রত্যক্ষদর্শী জানান, ওই দিন রাতে কয়েকজন সহযোগীকে নিয়ে নিপু তালুকদার ওই বাড়িতে উপস্থিত হন। তাঁরা প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অপবাদ দিয়ে মতিনকে মারধর শুরু করেন। এ সময় বাড়ির লোকজন প্রতিবাদ করলে হামলাকারীরা প্রবাসীর স্ত্রীসহ তিনজনকে মেরে আহত করেন। এরপর মতিনকে ধরে নিয়ে যান।

মতিন দেওয়ান অভিযোগ করেন, নিপু তালুকদার ও তাঁর সহযোগীরা তাঁকে বাগধা গ্রামে নিপুর বাড়িতে নিয়ে যান। তাঁরা হাত-পা বেঁধে রাতভর মতিনের ওপর নির্যাতন চালান। মারধর করার পাশাপাশি তাঁকে লোহার রড গরম করে ছেঁকা দেওয়া হয়। নির্যাতনে মতিন একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে নতুন করে নির্যাতন শুরু হয়। দফায় দফায় নির্যাতনের একপর্যায়ে তাঁরা ভাবেন, মতিন মারা গেছেন। ২২ এপ্রিল ভোরে তাঁরা মতিনকে আগৈলঝাড়া-বাগধা সড়কের রাস্তার পাশে ফেলে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানান, মতিন শঙ্কামুক্ত।

অভিযোগের ব্যাপারে কথা বলতে নিপু তালুকদারের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি। তাঁর ছোট ভাই অপু তালুকদার বলেন, ঘটনার সঙ্গে তাঁর ভাই জড়িত নন। হয়রানি করার জন্য ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।