ব্যবসায়ীকে কুপিয়ে গয়না ও টাকা ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক স্বর্ণ ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
উপজেলার পৌর এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম রতন দাস। তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রতন উপজেলা সদরের ভোলাচং পৌর এলাকার দাসপাড়ার বিনোদ দাসের ছেলে।
আহত ব্যবসায়ীর মামা শিব শংকর দাস ও পুলিশ জানায়, রতন ভোলাচং নতুন বাজারের একটি স্বর্ণালংকার তৈরির দোকানের মালিক। মাস তিনেক আগে বাজারে রতনের দোকানে চুরি হয়। এরপর থেকে দোকান বন্ধ করে রতন টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে বাড়ি যান। বুধবার রাত পৌনে নয়টায় এলাকার রাস্তায় চার সন্ত্রাসী ছুরি ও চাপাতি নিয়ে রতনের ওপর হামলা চালায়। তারা চাপাতি দিয়ে তাঁর মাথা, গলা ও ঘাড়ে কোপায়। এ সময় রতনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে একজনকে আটক করে। এ ঘটনায় ওই রাতে তাঁর ভাই প্রণব দাস মামলা করেছেন।
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শহীদুল ইসলাম (২৮)। তিনি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে শহীদুল ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নামপরিচয় পুলিশকে জানিয়েছেন।