ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় বরুণ মণ্ডল (২৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরুণ মণ্ডল বাড়ির পাশে একটি দোকান খুলে ব্যবসা করেন। গত বুধবার বিকেল ৫টার দিকে তিনি দোকানের মালামাল কিনতে গোসাইবাড়ী বাজারে যান। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহসহ ছাত্রলীগের ৮-১০ জন নেতা–কর্মী পূর্বশত্রুতার জের ধরে বরুণ মণ্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে সেখান থেকে তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত বরুণ মণ্ডলের স্ত্রী বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহসহ আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
আবু সালেহ বলেন, বরুণ মণ্ডলের সঙ্গে স্থানীয় লোকজনের আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে কে বা কারা তাঁকে মারধর করেছে, তা তাঁর জানা নেই। বরুণ মণ্ডলের স্ত্রী তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন বলেও দাবি করেছেন তিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানিয়েছেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।