ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১
রাজবাড়ীর গোয়ালন্দে ব্যবসায়ী আকমল হোসেনকে (৩৮) কুপিয়ে জখম করার ঘটনায় আরিফুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আরিফ গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাইমদ্দিন প্রামাণিক পাড়ার আবদুল মালেক খানের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সোমনাথ বসু জানান, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তদের কোপে ব্যবসায়ী আকমল হোসেন জখম হওয়ার ঘটনায় বুধবার রাতে তাঁর ছোট ভাই সালাউদ্দিন শেখ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। আকমলকে হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার পর বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ নিজ এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরিফুল ইসলামকে আটক করে। গতকাল শুক্রবার দুপুরের দিকে তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
আকমল হোসেন গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ মোটরসাইকেলে করে পোলট্রি খামারের দিকে যাওয়ার পথে শহরের মাল্লাপট্টি সেতুর ওপর চার-পাঁচজন দুষ্কৃতকারী তাঁকে কুপিয়ে জখম করে।