ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
বগুড়ার শেরপুরে সুজিত চৌধুরী (৪৩) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত মঙ্গলবার রাতে শহরের বাসস্ট্যান্ডের পাশে মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
সুজিত চৌধুরী শেরপুর পৌরসভার দক্ষিণ সাহাপাড়ার বাসিন্দা। স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় তাঁর একটি মুদি দোকান রয়েছে।
সুজিত চৌধুরী ও স্থানীয় কয়েকজন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে সুজিত দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে মাজার রোড এলাকায় দুটি মোটরসাইকেলে করে চারজন ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরে। তিনি টাকার ব্যাগ রক্ষার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁর ডান হাতে ও পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যাগে ২০ হাজার টাকা, ব্যবসার কাজে ব্যবহারের পাঁচটি মুঠোফোন সেট, ব্যাংকের টাকা উত্তোলনের চেকবই ও ব্যবসার খাতাপত্র ছিল। স্থানীয় লোকজন সড়কের ওপর থেকে রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়াসহ স্থানীয় সব ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।