ব্যবসায়ীকে কুপিয়ে নদীতে নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মো. শামীম (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে ডাকাতিয়া নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের চাঁদপুর সেতুর ওপর এ ঘটনা ঘটে।
শামীম চট্টগ্রামের চান্দগাঁওয়ের রাস্তার মাথা এলাকার কাদের প্রধানিয়া বাড়ির আলমগীর হোসেনের ছেলে।
চাঁদপুর মডেল থানার পুলিশ জানায়, দুর্বৃত্তরা শামীমের পেটে পাঁচটি ও হাতে ছুরিকাঘাত করে বাঁ পায়ের দুটি রগ কেটে চাঁদপুর সেতুর ওপর থেকে ডাকাতিয়া নদীতে ফেলে দেয়। আহতাবস্থায় তিনি তীরে উঠে জ্ঞান হারান। বাবুল নামের একজন জেলে নদীর পাড়ে শামীমকে দেখতে পেয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা এখন আশঙ্কামুক্ত।
গুরুতর আহত থাকায় শামীম এবং এলাকায় না থাকায় তাঁর পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
চাঁদপুর মডেল থানার এসআই শামীম গতকাল সন্ধ্যায় বলেন, টাকা লেনদেন নিয়ে পিয়াস ও নিরব নামের দুজনের সঙ্গে শামীমের বিরোধ ছিল। আবার শামীমের পারিবারিক ঝামেলাও ছিল।