ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে রাসেল আহম্মেদ (৩২) নামে এক শস্যবীজ ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রাসেলের শস্যবীজের দোকান। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে একজনকে সঙ্গে নিয়ে উপজেলার মধুপুর গ্রামে যাচ্ছিলেন। পথে রাত ১১টার দিকে এরশাদ সেতুর কাছে পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। পথচারীরা সেখান থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রাসেলের ছোট ভাই রাহাত আহম্মদ বলেন, ‘দুর্বৃত্তরা আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়েছে। তাঁর মাথায় অনেক সেলাই দেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ইতিমধ্যে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।’