ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাবনা শহরের রাধানগর রথঘর মহল্লায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সুধাংশু বসাক (৫০) নামের এক ব্যক্তিকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি ভাঙারি মালামালের ব্যবসায়ী ছিলেন।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, প্রতিবেশী এক ব্যক্তির মাতলামির প্রতিবাদ করায় তাঁকে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্বজনেরা জানান, বেলা তিনটার দিকে সুধাংশু নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন যুবক তাঁর ঘরে ঢুকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। বুকের নিচের অংশে ছুরিকাঘাত লেগে সুধাংশু মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
মহল্লার পাঁচ-ছয়জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মহল্লাটি জেলা শহরের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজ-সংলগ্ন। ফলে এখানে অধিকাংশ বাড়িতেই মেস ব্যবসা গড়ে উঠেছে। মহল্লার মোড়ে উঠতি বয়সী ছেলেরা আড্ডা দেয়। আর এ সুযোগে মাদক বিক্রেতা, সেবনকারী ও জুয়াড়িরা মহল্লাটিতে আস্তানা তৈরি করেছেন। বেশ কিছুদিন ধরে মহল্লাটিতে অবাধে মাদক সেবন ও জুয়া খেলা চলছে। এর আগেও মাদক ও জুয়া নিয়ে মহল্লায় ছোটখাটো ঝগড়াবিবাদ হয়েছে।
নিহত সুধাংশু বসাকের ছেলে সুমন বসাক বলেন, দুপুরে এক প্রতিবেশী মদ পান করে তাঁদের বাড়িতে ঢুকে মাতলামি করছিলেন। এ সময় তাঁর বাবা তাঁকে বকা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এতে তিনি ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর ওই লোকটিসহ কয়েকজন যুবক বাড়িতে আসেন এবং ঘরে ঢুকে তাঁর বাবাকে কুপিয়ে পালিয়ে যান।
সুমন বসাকের দাবি, মাতলামির প্রতিবাদ করার কারণেই তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যার বিচার চান।
এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হবে বলে জানানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। আমরা তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’