ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আ.লীগ কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় আলী আহমদ মিয়া (৬৮) নামের এক ব্যবসায়ীকে গত শনিবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিন সকালে যশোরের শার্শা উপজেলার সুবর্ণখালী গ্রামের জোড়া সেতু এলাকা থেকে শাহজাহান শেখ (৪২) নামের আওয়ামী লীগের এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
আলী আহমদ মিয়া হত্যার ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করা হয়েছে। সদর থানার পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, আলী আহমদ শ্রীপুর বাজার মসজিদে নামাজ পড়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে আলী আহমদের ব্যবসায়িক অংশীদার মোতালেবসহ আরও তিন-চারজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর জখম করে। চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে আসামিরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত আটটার দিকে তিনি মারা যান।
সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজিউর রহমান জানান, আলী আহমদ জমি কেনাবেচা করতেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোতালেবকে গ্রেপ্তার করা হয়েছে।
শার্শা থানার পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার সুবর্ণখালী গ্রামের জোড়া সেতু এলাকায় শনিবার সকালে শাহজাহানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শাহজাহানের ভাগনে মো. শুভ জানান, তাঁর মামা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বেনাপোলে ব্যবসা করেন। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান বলেন, শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা শাহজাহানের লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।