ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ি এলাকায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা খলিলুর রহমান (৩৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল বুধবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌরীশংকর গ্রামে সুহেনা বেগম (১৩) নামের কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সরিষাবাড়ী থানা-পুলিশ ও নিহত ব্যবসায়ীর পরিবার সূত্র জানায়, খলিলুর রহমান মাইজবাড়ি ব্রিজের পশ্চিম পাশে প্রসাধনীর ব্যবসা করতেন। দুর্বৃত্তরা তাঁর কাছে দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাঁকে দুর্বৃত্তরা ব্রিজের পূর্ব পাশে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পুলিশ গতকাল লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত খলিলুর রহমানের স্ত্রী মোর্শেদা বেগম (২৬) বলেন, ‘চাঁদা না দেওয়ায় আমার সর্বনাশ হয়ে গেল।’
সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ বলেন, দুর্বৃত্তরা মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুলাউড়া থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সুহেনার বাবা আবদুল জলিলের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। সুহেনার বয়স যখন তিন মাস তখন সে নিরুদ্দেশ হয়। এরপর মা হোসনে আরা সুহেনাকে নিয়ে বাবার বাড়ি কুলাউড়ায় আসেন। তিনি গৃহপরিচারিকার কাজ করে সংসার চালান। সুহেনা গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত। গতকাল সকাল আটটার দিকে সুহেনাকে ঘরে রেখে হোসনে আরা কাজে যান। সাড়ে নয়টার দিকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুহেনার ঝুলন্ত লাশ দেখতে পান। বেলা একটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
মা হোসনে আরা বেগম বলেন, সুহেনাকে তিনি বকাঝকা বা শাসন করেননি। অভাব-অনটনের মধ্যেও তাকে লেখাপড়া করাচ্ছিলেন। সে লেখাপড়ায় মনোযোগী ছিল। আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি কিছুই বুঝতে পারছেন না। কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, সুহেনার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।