ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার লঘুনাথপুর গ্রামে আজ রোববার সকালে জমি নিয়ে বিরোধের জেরে সুরুজ জামাল শেখ (২৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সুরুজ ওই গ্রামের সরোয়ার শেখের ছেলে। তিনি খেজুরতলা বাজারের প্রসাধনী ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, লঘুনাথপুর গ্রামের সরোয়ার শেখের সঙ্গে তাঁর ভাই মোশারেফ শেখের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ রয়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সুরুজ জামাল শেখ ও তাঁর ছোট ভাই বাদল শেখকে (২৪) এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। বাদল শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাগেরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুশফিকুর শামস প্রথম আলোকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সুরুজের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

সুরুজের বাবা সরোয়ার শেখের দাবি, তাঁর ভাতিজা মেহেদী দা দিয়ে তাঁর দুই ছেলেকে কুপিয়ে জখম করেছেন।

এ ঘটনায় আজ দুপুরে নিহত ব্যক্তির বাবা সরোয়ার শেখ বাদী হয়ে মেহেদী শেখকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল সরোয়ার বলেন, বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে সুরুজ নিহত হয়েছেন। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি মেহেদী শেখ ও তাঁর মা মেরী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হবে।

পিরোজপুর সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আবদুল ওয়ারেস দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।