ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল সোমবার ব্যবসায়ী তরুণ দত্তকে (৩৮) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তরুণ দত্ত উপজেলা সদরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
তরুণ দত্তের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে স্থানীয় লোকজন উপজেলার বর্ধনকুটি এলাকার একটি কালভার্টের নিচে গলাকাটা অবস্থায় তরুণ দত্তের লাশ দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ ও শরীর থেকে বিচ্ছিন্ন করা মাথা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তাঁর পরনে আকাশি রঙের প্যান্ট ও পায়ে সাদা কেডস ছিল। এ ঘটনায় তরুণের স্ত্রী মিতা দত্ত বাদী হয়ে গতকাল অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মিতা দত্ত বলেন, ‘গতকাল ভোরে তরুণ প্রতিদিনের মতো হাঁটাহাঁটি করতে বাড়ি থেকে বের হন। সকাল সাতটার মধ্যে তরুণ ফিরে না আসায় আমরা খোঁজাখুজি করতে থাকি। পরে লোকমুখে তাঁর মৃত্যুর খবর পাই। আমি স্বামী হত্যার বিচার চাই।’
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।