ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় গতকাল বুধবার রাতে বিনয় চন্দ্র সাহা (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত অভিযোগে আজ বৃহস্পতিবার পুলিশ ওই ব্যবসায়ীর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

সাদুল্যাপুর থানার পুলিশ জানায়, নিহত বিনয় চন্দ্র আলু ব্যবসায়ী ছিলেন। স্ত্রী শংকরী রানি সাহা ও দুই সন্তান নিয়ে তিনি উপজেলার সাহাপাড়া গ্রামে থাকতেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি শৌচাগারে যান। ফিরতে দেরি হওয়ায় তাঁর স্ত্রী শংকরী ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় শংকরী ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করেন। তখন ঘরের দরজায় বাইরে থেকে সিটকিনি লাগানো ছিল। এতে শংকরী চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে যান। তাঁরা সিটকিনি খুলে দিলে শংকরীসহ লোকজন শৌচাগারের পাশে গিয়ে দেখেন, সেখানে গলাকাটা অবস্থায় বিনয়ের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছোরাও জব্দ করে।
পুলিশ জানায়, এ ঘটনায় আজ বৃহস্পতিবার নিহত বিনয়ের ছোট ভাই বিপুল চন্দ্র সাহা বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বিনয়ের স্ত্রী শংকরী, প্রতিবেশী সুবল চন্দ্র সাহা এবং সুবলের স্ত্রী গৌরি রানি ও ছেলে সুধান্য সাহাকে আসামি করা হয়। পুলিশ শংকরী, গৌরি ও সুধান্যকে ওই মামলায় গ্রেপ্তার করে আজ আদালতে পাঠায়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানতে চাইলে মামলার বাদী বিপুল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ​​অনৈতিক সম্পর্কে কারণে বিনয়কে হত্যা করা হয়েছে। এ কারণে বিনয়ের স্ত্রী শংকরীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। দরজায় বাইরে থেকে সিটকিনি লাগানো ও শংকরীর চিৎকার চেঁচামেচিকে সাজানো বলে দাবি করেন তিনি।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত (ওসি) ফরহাদ ইমরুল কায়েস সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন হত্যার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামি সুবলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।