ব্যবসায়ীকে গুলি করে নগদ তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় এক বিকাশ ব্যবসায়ীকে গুলি করে প্রায় তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিকাশ ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম। তাঁর ডান পায়ে গুলি করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ তাঁকে বাসায় নেওয়া হয়েছে।

সাইফুলের স্ত্রী ফারজানা আক্তারের ভাষ্য, তাঁদের বাড়ি ২৬ / ১ উত্তর বেগুনবাড়িতে। বাসা থেকে কাছেই সাইফুলের বিকাশের দোকান। গতকাল রাত ১২টার দিকে দোকান বন্ধ করে সাইফুল বাসায় ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে দুটি ব্যাগ ছিল। একটি ব্যাগে নগদ প্রায় তিন লাখ টাকা ও আরেকটি ব্যাগে ১১টি মুঠোফোনের সেট ছিল। মুঠোফোনের মধ্যে বিকাশের তিন লাখ ২০ হাজার টাকা রাখা ছিল।

ফারজানা আক্তার আরও বলেন, তেজগাঁওয়ের পদ্মা গার্মেন্টস নামে একটি দোকানের সামনে পৌঁছালে কালো একটি প্রাইভেট কারে করে চারজন দুর্বৃত্ত সাইফুলের পথরোধ করে। তারা সাইফুলের সঙ্গে থাকা দুটো ব্যাগ টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাইফুল বাধা দিলে তাঁর ডান পায়ে গুলি করে দুর্বৃত্তরা।

সাইফুলের দোকানের নাম শুভ টেলিকম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।