ব্যবসায়ীকে গুলি করে ১০০ ভরি স্বর্ণ ছিনতাই
বরিশাল নগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে প্রায় ১০০ ভরি স্বর্ণ ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী মো. মিরাজুল হক (৩২)। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার সামনে এ ঘটনা ঘটে। আহত মিরাজুল হেমায়েত উদ্দিন সড়কের হক জুয়েলার্সের মালিক।
আহত স্বর্ণ ব্যবসায়ীর ভাষ্য, প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে প্রায় ১০০ ভরি স্বর্ণ নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে তিনি বাসায় ফিরছিলেন। ইজিবাইকটি বাংলাদেশ ব্যাংকের সামনে পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ইজিবাইকের গতিরোধ করে। এ সময় তারা ব্যবসায়ীর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ব্যাগ ছাড়তে না চাইলে দুর্বৃত্তরা তাঁর ডান পায়ে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা জানার পর চক্রটিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। নগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে। যোগাযোগ করা হলে আজ বুধবার তিনি জানান, ওই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।