ব্যবসায়ীকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই
পুরান ঢাকার ইসলামপুরে গতকাল বৃহস্পতিবার ফল ব্যবসায়ী বাদল মুন্সিকে (৩৫) গুলি করে তাঁর কাছ থেকে দুর্বৃত্তরা ১৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। আহত বাদলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বাদল বাদামতলী বিআইডব্লিউটিএ মার্কেটে দীপা এন্টারপ্রাইজ নামের দোকানের তিন মালিকের একজন। মার্কেটের পাশে নবাববাড়ী এলাকায় তাঁর বাসা।
আহত বাদলের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, বেলা দুইটার দিকে বাদল দোকানের দুই কর্মচারী বশির ও পলাশকে নিয়ে হেঁটে ইসলামপুরে একটি ব্যাংকে ১৬ লাখ টাকা জমা দিতে যাচ্ছিলেন। টাকা বাদলের হাতে কাপড়ের একটি ব্যাগে ছিল। নবাববাড়ী পুকুরপাড় এলাকায় পৌঁছালে সাত-আটজন যুবক তাঁদের গতিরোধ করে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে যুবকেরা টাকার ব্যাগটি বাদলের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাদল বাধা দিলে একপর্যায়ে এক যুবক তাঁর ডান পায়ের হাঁটুর ওপর দুটি গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
ঢাকা মেডিকেলে দোকান কর্মচারী বশির ও পলাশ সাংবাদিকদের জানান, ঘটনার সময় তাঁরা ভয়ে পাশে চলে যান। বাদলকে গুলি করার পর ওই যুবকেরা পাঁচ-ছয়টি ফাঁকা গুলি করে। একপর্যায়ে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশের দোকানদারেরা ভয়ে দোকান বন্ধ করে দেন। পথচারীরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এই সুযোগে যুবকেরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত বাদলকে হাসপাতালে আনা হয়।
বশির ও পলাশ জানান, বিভিন্ন ফল কিনতে ওই টাকা ব্যাংকের মাধ্যমে চট্টগ্রামে এক ব্যবসায়ীকে পাঠানো হতো। টাকা পেলে ওই ব্যবসায়ী শুক্রবার (আজ) ফল পাঠাতেন। কিন্তু ব্যাংকে পৌঁছানোর আগেই টাকা ছিনতাই হলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, পুলিশের একটি দল ঢাকা মেডিকেলে গিয়ে আহত বাদলের সঙ্গে কথা বলে তথ্য নেয়। পরে তাঁরা বশির ও পলাশকে সঙ্গে নিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল, হাসপাতালসহ সংশ্লিষ্ট সব স্থানে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে রাত আটটা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ওই দুই দোকান কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের কোতোয়ালি বিভাগের সহকারী কমিশনার মো. আহাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ছিনতাইকারীরা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। ফলে কেউ এগিয়ে আসেনি। সংঘবদ্ধ এই চক্রটিকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে। দ্রুতই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়া: একই দিন গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আরিফ মোল্লা (৩৫) নামের এক ব্যক্তি এক লাখ টাকা ও দুটি মুঠোফোন খুইয়েছেন বলে জানা গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্র জানায়, বেলা একটার দিকে আরিফকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান তাঁর চাচা আনোয়ার হোসেন। আনোয়ার সাংবাদিকদের জানান, আরিফের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। একটি ট্রাভেল এজেন্সিতে এক লাখ টাকা দিতে তিনি গতকাল সকালে বিআরটিসির বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে ওই বাসের ভেতরে অচেতন অবস্থায় দেখেন বাসচালক ও তাঁর সহকারী। পরে আরিফের পকেটে একটি কাগজে থাকা তাঁর (আনোয়ার) মুঠোফোন নম্বরে একজন যোগাযোগ করে খবর দেন।
আনোয়ার বলেন, ঢাকায় এসে আরিফের হাজারীবাগে তাঁর বাসায় ওঠার কথা ছিল। তিনিসহ ওই টাকা নিয়ে ট্রাভেল এজেন্সিতে যেতেন। ধার করে ওই টাকা এনেছিলেন আরিফ।